
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার (২৪ মার্চ) ভোর রাতে শাওন (১৬) নামক এক কিশোরকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। ধর্ষিতার মা জানান, মাহে রমজান উপলক্ষে প্রতিবেশীর বাড়িতে নারীদের তারাবির নামাজ পড়ানো হয়। শুক্রবার ভোর রাতে সেখানে তার আট বছরের মেয়ে নামাজ পড়তে যায়। তখন ওই বাড়ির মালিকের ছেলে তাকে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক শাওন। ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, শিশুটি সেক্সুয়েল অ্যাসল্ট হয়েছে। এখন শিশুটি একজন নারী চিকিৎসকের পর্যবেক্ষনে রয়েছে। নান্দাইল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।