
জামালপুর প্রতিনিধি
জামালপুরে তাহমিনা আক্তার তানিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত খুনি তাইফুরের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শহরের দয়াময়ী মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতশত মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা তানিয়া হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা তানিয়াকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং অভিযোগ করেন যে, খুনি অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বক্তারা অনতিবিলম্বে আসামির বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন: ডা. মনিরুজ্জামান, জাহাঙ্গীর সেলিম, রিশাদ রেজওয়ান বাবু, মারুফ আহমেদ খান মানিক, এডভোকেট আবু ফাহাদ তৌকির প্রমুখ।
বক্তারা বলেন, “সমাজে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এমন নৃশংস ঘটনা ঘটছে। তানিয়ার খুনিদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
এসময় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর জেলা শাখাসহ সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।