
বিনোদন ডেস্ক
ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন প্রভা। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে দেখা যায়নি বড়পর্দায়। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন বড়পর্দায়। সরকারি অনুদানের দুই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রভা।
ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা-পাওনা। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ দুটি সিনেমায় কাজ ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
প্রথমবার সিনেমায় নিশ্চয়ই উপভোগ করছেন?—এমন প্রশ্নের উত্তরে প্রভা বলেন, সে কি আর বলতে! এই প্রথম নায়িকা নায়িকা একটা ফিল পাচ্ছি (হা হা হা)। কেউ মাথার ওপর ছাতা ধরছেন, আবার কেউ ডাব কেটে আনছেন। একটু পর পর পরিচালক এসে জিজ্ঞেস করছেন, কিছু লাগবে কিনা!
তিনি বলেন, সত্যি বলতে— নাটক-বিজ্ঞাপনের ইউনিট তো সিনেমার মতো এত বড় হয় না। ‘দুই পয়সার মানুষ’ সিনেমার নির্মাতা একজন নারী—ঝুমুর আসমা জুঁই। তিনি আমাকে শুটিং সেটে খুব সমাদর করেন।
অভিনেত্রী বলেন, আমিও তার ব্যবহারে দারুণ আপ্লুত। ‘দেনা পাওনা’ সিনেমার নির্মাতা প্রবীণ সাদেক সিদ্দিকী। তিনিও আমাকে যথেষ্ট আদর করেন। বলতে পারেন— সিনেমা করতে গিয়ে আলাদা অভিজ্ঞতা হচ্ছে।
এর আগে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল অল্প বয়সে। বাসা থেকে চলচ্চিত্রে অভিনয় করতে দিতে রাজি হয়নি। এখন বুঝি, অনেকটা দেরি করে ফেলেছি। নিজে যখন সিদ্ধান্ত নিতে শুরু করলাম, তখন আর ভালো গল্প বা প্রস্তাব পাইনি।
তিনি বলেন, একটা সময় নির্মাতারা আমার প্রতি যে আগ্রহ দেখিয়েছিলেন, সেটার সুবিধা আমি নিতে পারিনি। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র নির্মাণও তো কমতে শুরু করল। এখন তো তলানিতে ঠেকেছে। তার পরও শুরু করলাম, দেখা যাক কত দূর যেতে পারি।