
খুবি প্রতিনিধি,
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় ডিসিপ্লিনটি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও নবীনদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরন্নবী। তিনি বলেন, “ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের রয়েছে গৌরবময় ঐতিহ্য ও সাফল্যের ইতিহাস। নবীন শিক্ষার্থীদের সেই ঐতিহ্য ধারণ করে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের চর্চার মাধ্যমে ডিসিপ্লিনের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।” তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেরও আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. রুমানা হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের সেরা বিজনেস লিডার। শুধু নিজেদের ক্যারিয়ার নয়, তোমাদের জ্ঞান, সততা ও নেতৃত্বের মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করতে হবে।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের হতে হবে দক্ষ, উদ্ভাবনী এবং উৎপাদনশীল। কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব দক্ষতা, সৃজনশীল চিন্তা ও উৎপাদনশীল মানসিকতাই একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নেয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। পরে সাংস্কৃতিক পরিবেশনা, পরিচিতি পর্ব এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।