
দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম।
আজ ৮ অক্টোবর (রবিবার) র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদর পৌরসভাস্থ মোহনপুর ব্রীজ টোল প্লাজার সামনে হতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দিনাজপুরের শীর্ষ মাদক কারবারি রিজুকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির দেয়া তথ্য মতে তার পরিচালিত মাদক সিন্ডিকেটের নিকট হতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার শেখপুরা ইউনিয়নের অর্ন্তগত রাজারামপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০৩ বোতল ফেন্সিডিল ও ফেয়ারডিল উদ্ভার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি এলাকার শীর্ষ মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল ও ফেয়ারডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো।
ধৃত আসামী মাদক পরিবহন কাজে মোটর সাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করে স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমূহ মজুদ করে ব্যবসা করে আসছে। গ্রেফতারকালে আসামীর সঙ্গে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন
৫ নং শশরা ইউনিয়নের ওমরপাইল গ্রামের মোঃ খাদেমুল হক এর ছেলে ইজাবুল হক রিজু (৩৩)।