
বরগুনা প্রতিনিধি
সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরগুনা, পাথরঘাটা, চরদুয়ানী উনিয়নের , উত্তর হোগলাপাশা শ্রী শ্রী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে একটি গীতাস্কুল। শনিবার (৩০/০১/২০২৬) তারিখ বিকেলে এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গীতাস্কুলের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী চয়ন বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্রী দিলিপ অধিকারী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্ত, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের নৈতিকতা, কর্তব্য ও আদর্শের পথনির্দেশক। গীতাস্কুলের মাধ্যমে শিশু-কিশোররা নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সপ্তাহে একদিন শুক্রবার এই স্কুলটিতে পড়াশোনা করবে শিক্ষার্থীরা এখানে সকল বয়সের মানুষ শিক্ষা লাভ করতে পারবে।
আয়োজকরা জানান, এই গীতাস্কুলে নিয়মিতভাবে গীতা পাঠ, ব্যাখ্যা ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে। ভবিষ্যতে এর কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠান শেষে শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচির সমাপ্তি হয়।