নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন হোসেন (৩০) শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা রুমা আক্তার জানান, ‘বুধবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। থানা পুলিশ জানায় পলাতক নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
