
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত এক নারী কারারক্ষীই পড়েছেন ছিনতাইয়ের শিকারে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যাওয়ার পথে তাঁর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সাথী আক্তার (৩০) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত একজন কারারক্ষী। বুধবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে তিনি সরকারি ডিউটির উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মোজাহিদ নগর আন্ডারপাসের পাশে পৌঁছালে তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি সিএনজিটির গতিরোধ করে।
এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানে থাকা ১২ আনা ওজনের এক জোড়া কানের দুল, একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সময় তিনি চিৎকার করলে আশপাশে লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এতে তিনি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন।
সাথী আক্তার জানান, ছিনতাই হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা। নিরাপত্তাজনিত কারণে তিনি ওইদিন ডিউটিতে যোগ দিতে পারেননি। পরে বিষয়টি কারাগার কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরবর্তীতে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ও রাতের সময় ওই এলাকায় ছিনতাইসহ অপরাধের ঘটনা বাড়ছে। তারা পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কারারক্ষীই যখন কর্মস্থলে যাওয়ার পথে নিরাপত্তাহীনতায় পড়েন, তখন ওই এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।