
আরিফ খান
রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি
নির্মাণাধীন ৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের সময় একাংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তবে ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে, ঢালাই শ্রমিকদের সেন্টারিং ক্রুটির কারণে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বারান্দা অংশের ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল। ঢালাই শেষ হয়েছে, এমন মুহূর্তে বারান্দার অংশের সেই ছাদ ধসে পড়ে যায়।
তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কিন্তু ছাদ ঢালাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে তখন আতঙ্ক সৃষ্টি হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজটি দেখভালের দায়িত্বে থাকা রাহাত হোসেন বলেন, হাসপাতালের পুরো ছাদটি ১০ হাজার স্কয়ার ফুট। এরমধ্যে বারান্দার অংশটুকু শুধু ১৭৬ স্কয়ার ফুট। তাদের কাউকে না জানিয়ে শ্রমিকরা ঢালাই দেওয়ায় দুর্বল সেন্টারিংয়ের কারণে ঘটনাটি ঘটে বলে তিনি দাবি করেন।
জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অধীনে পটুয়াখালীর প্রাইম কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজটি করছিল। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে কাজটি পায় এই ঠিকাদারী প্রতিষ্ঠান। গতবছরের জুলাই মাসে কাজটি শুরু করে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, দুর্বল সেন্টারিংয়ের কারণে সামনের বারান্দার অংশটির ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় এলজিইডির উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পর মূল ঘটনাটি সম্পর্কে জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।