
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে ‘আমরা জুলাই যোদ্ধা’র নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে শাহরিয়ার হোসেন হাবিলকে আহবায়ক ও হাসান রাজা (সুমন)কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান নিশান, যুগ্ম আহবায়ক হিসেবে রাজু পারভেজ, মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ ও শান্ত আলী মনোনীত হয়েছেন।
এছাড়াও নব গঠিত এই কমিটিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনার জন্য উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই ও প্রয়াত বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ(এ্যাব) এর আহবায়ক, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন), জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জহুরুল ইসলাম, ডোমার উপজেলা বিএনপির সভাপতি, রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আব্দুস সালাম বাবলা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, রেজওয়ানুল আহমেদ রিজু।
বুধবার (১০ জুন) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়।
জানতে চাইলে, আমরা জুলাই যোদ্ধা নীলফামারী জেলা কমিটির নব-দায়িত্ব প্রাপ্ত আহবায়ক, শাহরিয়ার হোসেন হাবিল বলেন, “জুলাই আন্দোলনের স্পিরিটকে ধরে রেখে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে এই কমিটি কাজ করবে। আমরা নীলফামারীর প্রতিটি অঞ্চলের ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অপরদিকে, কমিটির সদস্য সচিব, হাসান রাজা (সুমন) তাঁর বক্তব্যে বলেন, নীলফামারী জেলায় জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারের পাশে সামনের দিকে এগিয়ে যাবো”।
অনুষ্ঠানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
শেষে একটি সংক্ষিপ্ত আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।