
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে দলিল লেখকদের ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)-এর নীলফামারী জেলা শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন’র হাতে স্মারকলিপি তুলে দেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের ভবন চত্ত্বরে জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানীর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবী বাস্তবায়ন শীর্ষক বক্তব্য দেন জেলার ছয় উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ”দীর্ঘদিন ধরে দলিল লেখকরা বিভিন্ন পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম আরও গতিশীল হবে। “
এছাড়াও, স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগতভাবে সম্পৃক্ত করা, দলিল লেখকদের ভাতা বৃদ্ধি, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল প্রস্তুতের সুযোগ না দেওয়া এবং দলিল লেখকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবী জানানো হয়।