
নীলফামারী প্রতিনিধি:
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুন থেকে নীলফামারীও ভিটামিন এ প্লাস প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৪ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন, ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই প্রচারাভিযানের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪,০০,০০০ শিশুর কাছে ভিটামিন এ ক্যাপসুল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার ছয়টি উপজেলায় মোট ১৫৯০টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এর কার্যক্রম ।
এছাড়াও, ভ্রমণরত শিশুদের কাছে ভিটামিন এ ক্যাপসুল পৌঁছানোর জন্য বাস টার্মিনাল এবং রেল স্টেশনগুলোতে থাকবে অতিরিক্ত ভ্রাম্যমাণ কেন্দ্র।
কেন্দ্র গুলোতে লক্ষ্যভুক্ত শিশুদের মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩১,৪০৯ জন এবং ১২ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী ২,৭৫,৮৫৩ জনকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।
সংবাদ সম্মেলনে নীলফামারী সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির মান উন্নয়নে এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো ত্রুটি হলে অপুষ্টি বাড়তে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে।”
ফলে, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রগুলোতে এসে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।