
নীলফামারী প্রতিনিধি:
ভুয়া ব্যাংক কর্মকর্তা সেজে নীলফামারীর এক ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ির সাড়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিলেও, একই ঘটনা ঘটিয়ে আর পার পেল না ওই প্রতারক। এবার লালমনিরহাটে প্রতারণাকালে তাকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন, কক্সবাজার জেলার রামু উপজেলার সিকদারপাড়া এলাকারমৃত সেলিম উদ্দিনের ছেলে তারেক উদ্দিন (৩৮)।
নীলফামারীর ক্ষুদ্র বিকাশ ব্যবসায়ী জান্নাত হোসেন জানান, “সম্প্রতি প্রতিদিনের মত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত সময় পার করছিলাম। হঠাৎই আমার দোকানে তারেক উদ্দিন নামে ওই প্রতারক নিজেকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা লেনদেনের কথা বলে আমাকে কৌশলে ডেকে নেন নীলফামারী মার্কেন্টাইল ব্যাংকে। এরপর বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নেয় সাড়ে ৪ লক্ষ টাকা।”
এ ঘটনায় আমি নীলফামারী থানায় একটি প্রতারণার মামলা করি, (যার নম্বর-৮০/৩৪১)। মামলাটি দায়েরের পর ওই প্রতারককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন, নীলফামারী থানা পুলিশ। আজ লোকমুখে জানতে পারলাম, একই ঘটনা ঘটাতে গিয়ে এবার লালমনিরহাটে গ্রেপ্তার হয়েছেন তারেক উদ্দিন নামের ওই বিকাশ প্রতারক।”
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃত তারেক উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন লালমনিরহাট থানা পুলিশ।
এদিকে, জেলা পুলিশের সুত্রগুলো বলছে, গ্রেপ্তারকৃত তারেক উদ্দিনের বিরুদ্ধে নীলফামারীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা চলমান রয়েছে।