
নীলফামারী প্রতিনিধি:
বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী গত হতে চলেছে আষাঢ় মাস। এ মাসে বৃষ্টির ভরা মৌসুম হলেও, দেখা মিলছে ভিন্ন চিত্র। গত কয়েক দিন ধরেই বয়ে যাচ্ছে অসহনীয় তাপমাত্রা। প্রচন্ড রোদ আর ঢ্যাঁপসা গরমে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অবস্থা আরো নাজুক। ঠিক সেই সময়ে অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোতে সিলিং ফ্যান বিতরণ করেছেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
নীলফামারী জেলা পরিষদের তথ্য বলছে, চলতি অর্থ বছরে জেলায় বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আর্থিক অনুদানসহ বিভিন্ন উপকরণ প্রদান, খেলা সামগ্রী বিতরণ এবং অসুস্থ্যতা জনীত কারণে আর্থিক অনুদান প্রদানসহ অসহনীয় গরমে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হচ্ছে সিলিং ফ্যান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুলাই) জেলার সদর উপজেলার নগর দারোয়ানী প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে সিলিং ফ্যান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহীন, সহকারী প্রকৌশলী মামুন উর রশিদ প্রমুখ।
জানতে চাইলে, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, “অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়া এগিয়ে নিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ প্রদানসহ সর্বদাই তাদের পাশে রয়েছে নীলফামারী জেলা পরিষদ ।
”শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে অসহায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, অস্বচ্ছল অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদানসহ সকল সামাজিক কর্মকান্ড করছে নীলফামারী জেলা পরিষদ”, তিনি আরও বলেন।