
মাইনুল ইসলাম জনি, নীলফামারী:
নীলফামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের পলাশবাড়ী নামকস্থানে। স্থানীয়রা জানান, পলাশবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন আমিন ও তার অপর সঙ্গী মুরাদ (১৮)। পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে হঠাত এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা এক সাইকেল আরোহীকে আঘাত করে এবং রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছন ছিটে থাকা মুরাদ এবং সংশ্লিষ্ট আরও একজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করে।
নিহত আমিন (৩০) ওই এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনার সময় তিনি নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নীলফামারী থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।