
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে কাহিল জনজীবন। সকাল ৯টায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার মধ্যেই সকাল ১০টার দিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারদিক।
এর আগে ৩ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কয়েকদিন ধরে রাতভর ঘনকুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে আসে। সারাদিন হালকা কুয়াশার সাথে মেঘাচ্ছন্ন থাকে চারদিক। তবে মঙ্গলবার সকাল ১০টার দিকে সূর্যের মুখ দেখা গেছে। কুয়াশার সাথে রোদ থাকলেও বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হয়। হাড়কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।