
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ভবনটি ক্রয় করেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গত সাত থেকে আট দিন ধরে জামের আলী ও তাঁর ছেলে ইয়ানুর হোসেন ভবনটি ভাঙার কাজ করছিলেন।
সোমবার সকালে কাজ করার সময় ভবনের একটি রড ধরে টান দেন ইয়ানুর। এ সময় অসাবধানতাবশত তাঁর হাতে থাকা রডটি ভবনের ওপর দিয়ে যাওয়া পিডিবির ৩৩ হাজার ভোল্টের খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁর বাবা জামের আলী ছেলেকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়ানুর হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের পাশেই ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ চললেও বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়নি। পাশাপাশি শ্রমিকদের জন্য হেলমেট, গ্লাভসসহ প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও ব্যবস্থা ছিল না। ফলে এই মৃত্যুকে অবহেলার ফল বলে মনে করছেন অনেকেই।
এ বিষয়ে কোটচাঁদপুর বিদ্যুৎ অফিসের আবাসিক সহকারী প্রকৌশলী সাইদুজ্জামান বলেন, এ ঘটনায় আমাদের কোনো দায় নেই। কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।