
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ ঢাকা
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান কেরানীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক সেবন করে—তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা এসব অপরাধীদের ছাড়াতে তদবির করবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এলাকাবাসীর সহযোগিতায় ইতোমধ্যে মাদক কারবারি কাওসার ও টিটুকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি জড়িতদেরও দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় তিনি বলেন, তারেক রহমান-এর নির্দেশনায় সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ মার্চ থেকে কেরানীগঞ্জজুড়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি রাস্তা-ঘাটের পাশে কোনো ধরনের ময়লা-আবর্জনা না রাখার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন।
চাল নিতে আসা এক উপকারভোগী রহিমা বেগম বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আমান উল্লাহ আমান জানান,” খুব শিগগিরই কেরানীগঞ্জে এ কার্যক্রম চালু হবে এবং সাধারণ মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার বলেন,
“সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। শাক্তা ইউনিয়ন পরিষদ সর্বদা সঠিক ও স্বচ্ছতার সাথে এসব সহায়তা কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনে ইউনিয়নকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।আমরা ঈদের পরে আমাদের পরিচ্ছন্নতা অভিযান আবার নতুনভাবে শুরু করবো। তিনি আরও জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন সবসময় কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিম হাসান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরানীগঞ্জ মডেল বিএনপির দপ্তর সম্পাদক জানে আলম সুমন। শেষে শাক্তা ইউনিয়ন পরিষদের ইমাম মো. ইমরান হোসেনের পরিচালনায় খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরিশেষে দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।