
ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীনের মরদেহ উদ্ধার
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া এক নারীর লাশ তিন দিন পর শনাক্ত হয়েছে। নিহতের নাম হাসিনা পারভীন মিনু (৪৫)।
তিনি ঢাকার ঢাকা শাজাহানপুর এলাকার শান্তিবাগ বাজার সংলগ্ন বাসিন্দা। তার পিতার নাম মহিউদ্দিন আহমেদ ও মাতা হোসনে আরা বেগম। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ জানায় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে-এর সার্ভিস লেনের গাবতলী এলাকায় রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য মর্গে পাঠায়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মরদেহটির পরিচয় নিশ্চিত হয়। পরিবারের সদস্যরা গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে থানায় যোগাযোগ করেন এবং পরে মরদেহ শনাক্ত করেন। শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার পর থেকেই হাসিনা পারভীন মিনুর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকা ণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে, দ্রুততম সময়ের মধ্যেই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।