
মো: নুর আল জান্নাত
বকশিগঞ্জ, জামালপুর প্রতিনিধি।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পারিবারিক নির্যাতন ও হত্যার অভিযোগে নিহত মোছাঃ রুবাইয়া আক্তার বীনা–র পরিবারের সদস্য এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, আনুমানিক দুই বছর তিন মাস আগে পারিবারিক ভাবে বীনার বিয়ে হয় বকশিগঞ্জের সাতানি পাড়ার জুয়েল নামে এক যুবকের সাথে। বীনার পরিবারের দাবি—বিয়ের পর থেকেই জুয়েল ও তার পরিবার নিয়মিত অর্থের দাবি করতে থাকে এবং নানা অজুহাতে বীনার উপর মানসিক চাপ সৃষ্টি করে।
বীনার পরিবার জানায়, সাম্প্রতিক মাসগুলোতে তারা আরও ৩ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বীনা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল বলে পরিবার জানায়।
পরিবারের অভিযোগ, ১৭ নভেম্বর ২০২৫ ভোরে বীনা মাকে ফোনে নির্যাতনের কথা জানালেও কিছুক্ষণের মধ্যেই কল বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল ৬টা থেকে দুপুর ২টার মধ্যে কোনো এক সময়ে বীনা নিহত হন বলে পরিবার ধারণা করছে। পরে গাজীপুরের তারুণনেছা হাসপাতালে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ভর্তি করা হয় এবং নামে পরিবর্তন এনে “রাবিয়া” পরিচয়ে লাশ হস্তান্তরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠে।
পরিবার আরও জানায়, জুয়েল ও তার স্বজনরা গোপনে লাশ দাফনের চেষ্টা করেছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবার লাশ উদ্ধার করে। তারা দাবি করে বীনার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। ঘটনাটি জানাজানি হলে প্রধান অভিযুক্ত জুয়েল ও তার পরিবার পলাতক হয়ে যায়।
ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়। বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধনের অংশগ্রহণকারীরা বলেন,
“এটি একটি নৃশংস ঘটনা। দ্রুত বিচার নিশ্চিত না হলে এ ধরনের সহিংসতা থামবে না।”
এদিকে, পরিবারের পক্ষ থেকে নিহত বীনার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।