বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার কাহালু থানার চেক জালিয়াতি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক দম্পতিকে ঝিনাইদহে আটক করেছে র্যাব।
অভিযুক্তরা হলেন-
বগুড়ার কাহালু উপজেলার লোহাজাল গ্রামের মঈন উদ্দিন এবং তার স্ত্রী আছমা খাতুন। আজ রোববার ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এদিকে, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, বগুড়ার মঈন উদ্দিন ও তার স্ত্রী আছমা খাতুন বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে ও চেক জালিয়াতির করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। পরে ভূক্তভোগীদের টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকে।
এরপর ভুক্তভোগীরা থানায় ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে ৫টি মামলা দায়ের করে। এসব মামলায় আদালত তাদের ৩ বছর ৩ মাসের কারাদণ্ড দেন ও ৬৬ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। এছাড়া তাদের নামে ৫টি ওয়ারেন্ট ইস্যু হয়। তারপর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
রোববার ভোররাতে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের দুইজনকে আটক করে।
বগুড়া কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
