
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ডোবা থেকে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর ডোবায় ওই লাশ পাওয়া যায়। মুনজিলা কুন্ডুপাড়া গ্রামের মনসুর আলীর মেয়ে। তার মা রহিমা বেগম (৩০) তালাকপ্রাপ্ত হওয়ার পর মেয়েকে নিয়ে বাবা রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করতেন।
আদগ্রামের শামসুল ইসলাম জানান, শিশুর মা রহিমা বেগম একটি ছেলের সঙ্গে পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর বাঁশবাগানে ডোবার পাশে রাত্রিযাপন করেন। সকালে রাস্তায় এসে লোকজনকে বিষয়টি জানিয়ে বলেন, তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। স্থানীয় লোকজন শিশুটিকে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শিশুটির পেটে কোনো পানি ছিল না। আমরা চাপ দিয়ে দেখেছি। রাতে কান্নাকাটি করছিল। ধারণা করা যায়, তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে মারা যাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।