
বরগুনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরগুনার দুটি আসনেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে জমে ওঠে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসার সারাদিন মনোনয়ন গ্রহণ করেন।
বরগুনা–১ ও বরগুনা–২—দুটি আসনে মোট ১৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই দুটি আসনে ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৮ জন প্রার্থী তা দাখিল করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রগুলো দাখিল করা হয়।
বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদীয় আসন ১০৯ বরগুনা-আমতলী-তালতলী আসনে ৬ জন এবং সংসদীয় আসন ১১০ পাথরঘাটা-বামনা-বেতাগী আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরগুনা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহিব্বুল্লাহ হারুন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী জামাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরগুনা-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামের ডা. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী এছাড়াও খেলাফত মজলিসের প্রার্থী মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান, মো. সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. শামীম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে সৈয়দ মো. নাজেম আফরোজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন জমা দেওয়ার আগে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা নিজ নিজ কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন।
বরগুনা ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বরগুনা ১আসনে আমি এমপি হবো।
জামায়াত ইসলামী বাংলাদেশ, বরগুনা ১ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দিয়েছি। আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও ইনসাফের বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা ১ আসন এর মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন,
আমরা ৯০% বিজয়ের আশাবাদী। কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে তা মেনে চলবো।
মনোনয়ন ঘিরে বরগুনায় ছিল নির্বাচনী উত্তাপ; তবে আচরণবিধি মেনে ৫ জন প্রতিনিধিসহ প্রার্থীরা সুশৃঙ্খলভাবে মনোনয়ন দাখিল করেন। আগামী ৪ জানুয়ারি বাছাই ও ২০ জানুয়ারি প্রত্যাহারের পর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা।