
নোয়াখালী সংবাদদাতা
বর্তমান পুলিশ জনবান্ধব পুলিশ-বঙ্গবন্ধুর পুলিশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় চাটখিল থানার নবনির্মিত কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর প্রতি সর্বাধিক এটেনশেন দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ৭৫ সালে বলেছেন পুলিশকে জনগণের পুলিশ হওয়ার জন্য। তারা ঔপনিবেশিক শাসকের পুলিশ নয়, তারা জনগণের পুলিশ। তারা স্বাধীন বাংলাদেশের পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন,১৫ বছর আগে আপনারা যে পুলিশ দেখেছেন বর্তমান পুলিশের সাথে সে পার্থক্য আপনারা অবশ্যই নিজেরাই দেখছেন। বর্তমান পুলিশ জনবান্ধব পুলিশ-বঙ্গবন্ধুর পুলিশ। এমন পুলিশই বঙ্গবন্ধু চেয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী সেই পুলিশের জন্য কাজ করছেন। সর্বাধুনিক প্রশিক্ষণের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করেছেন।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাটখিল থানা পুলিশের একটি ভালো ব্যারাক ছিল না। এলাকার মানুষ সেবা নিতে আসলে বসার জন্য জায়গা থাকে না। এলাকার মানুষের কথা ও পুলিশের কথা বিবেচনা করে এই এই এলাকার সাংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সাহেব নিজ অর্থায়নে এই ব্যারাক ও কনফারেন্স রুম নির্মাণ করেছেন। আমি ইব্রাহিম সাহেবকে ধন্যবাদ জানাই। এই ব্যারাকে সবার উপকারে আসবে এবং কনফারেন্স রুমে বসে পুলিশের কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে পারবেন।
মিট দ্যা প্রেসে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ, সব থানার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।