
বাগেরহাট প্রতিনিধি
হেরিটেজ এন্ড নেচার ভয়েসেস্ বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সভাকক্ষে বাগেরহাট জেলার কয়েকটি সংরক্ষিত পুরাকীর্তি সংস্কার ও উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি বাগেরহাটের সন্মানিত জেলা প্রশাসক এর মাধ্যমে হস্তান্তর করেছেন। বাগেরহাট একটি জেলা নয়, এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ, “The Mosque City of Bagerhat” ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। এখানে হরযত খানজাহান (রহঃ) এর হাতে গড়া অসংখ্য ঐতিহাসিক নিদর্শনসহ প্রায় এক হাজারটি পুরনো নিদর্শন রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্যতত্ত্ব সম্পদ রয়েছে মাত্র উনিশটি। যা আমাদের জাতীয় ঐতিহ্য পর্যটনের অন্যতম প্রধান সম্পদ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় কালের বিবর্তনে বিকৃত সংস্কার ও প্রত্নতাত্ত্বিক সংস্কারের অভাবে আজ সেসব প্রত্নতত্ত্ব সম্পদ ধ্বংসপ্রায়।
উক্ত স্মারকলিপিটিতে বাগেরহাটের দশগম্বুজ মসজিদ, জিন্দাপীরের সমাধি, রেজা খাঁ মসজিদ, আদিনা প্রত্নঢিবি সহ মোট দশটি পুরাকীর্তি সংস্কার, প্রত্নতাত্ত্বিক খনন ও উন্নয়নের জন্য আবেদন জানানো হয়েছে। স্মারকলিপি হস্তান্তর কালে সভাকক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি শাহেদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ বায়তুল ইসলাম, সহ-সভাপতি জুম্মান শেখ ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যমন্ডলী।