
জিয়ারত জুয়েল : মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার ১ নং ফুলকি ইউনিয়নে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, অফিসার ইনচার্জ (তদন্ত) আশরাফুল ইসলাম, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ
সমাবেশ ও র্যালিতে ছাত্র-যুবসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।কর্মসূচি থেকে ফুলকি ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।