
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামের কৃষক আনছার আলী হত্যা মামলার প্রধান আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে কলিয়াবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসাইল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, ছেলে জুয়েল মিয়া, জসিম মিয়া, সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা ছালমা আক্তার, আলেয়া বেগম ও মিনহাজ মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, কৃষিজমির আইল কাটাকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা চালিয়ে কৃষক আনছার আলীকে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, অভিযুক্ত লেবু মেলেটারী এলাকায় উশৃঙ্খল প্রকৃতির ব্যক্তি হিসেবে পরিচিত এবং প্রভাব খাটিয়ে জামিন নেওয়ার চেষ্টা চলছে। তাই আদালতের কাছে তারা আসামির জামিন নামঞ্জুর ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকালে কলিয়া গ্রামে কৃষিজমির আইল কাটাকে কেন্দ্র করে কৃষক আনছার আলী হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্ত লেবু মেলেটারী আত্মগোপনে চলে যান। পরে গত ১০ মে র্যাব-১৪ টাঙ্গাইল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি টাঙ্গাইল কারাগারে রয়েছেন।