
ঝিনাইদহ ব্যুরো
বিএনপিকে ‘অকৃতজ্ঞ দল’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, অতীতে দেশের কল্যাণ ও আধিপত্যবাদী শক্তি মোকাবিলার স্বার্থে জামায়াত বিএনপিকে সহযোগিতা ও সমর্থন করেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০১ সালের নির্বাচনের পর দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আধিপত্যবাদী শক্তিকে মোকাবিলার স্বার্থে জামায়াত পাঁচ বছর বিএনপির সঙ্গে ছিল। এর আগে ১৯৯১ সালেও বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠায়। ঢাকাসহ রাজশাহী ও খুলনায় জামায়াতের নেতাকর্মীদের হত্যা করা হয়। বিভিন্ন ক্যাম্পাসেও ছাত্রদলের নেতাকর্মীদের হাতে শিবিরের কর্মীরা নিহত হন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমরা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু এখনো তারা জামায়াতকে নিয়ে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করছে। বিএনপি হলো অকৃতজ্ঞ দল। তাদের এই বিরোধিতা অনেকটা ‘নেই কাজ তো খই ভাজ’র মতো।”
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, চলমান সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি বিরোধী দল নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের মতামত ও সুপারিশ সরকারের কাছে প্রস্তাব আকারে দিয়েছে। কিন্তু সরকার এসব প্রস্তাবের কোনোটি আমলে নেয়নি।
তিনি বলেন, বিরোধী দলে বসার পর বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যেই এসব প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাব সরকার গ্রহণ করেনি। তাই বিরোধী দল অসহযোগিতা করছে- সরকারের এমন অভিযোগ হাস্যকর।
আওয়ামী লীগকে মাঠে নামানোর অভিযোগ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপি এখন অভিযোগ করছে, জামায়াত আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় নিষিদ্ধ একটি দলের নেতাকর্মীরা ঢাকাসহ সারা দেশে মিছিল করল কীভাবে- এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর আপনাদের কাছে থাকলে তা প্রকাশ করুন। বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করবেন না।’
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।