
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র ঘোষ, সদস্য মো. সবুজ মিয়া, কাসেম আলী, রুবেল মিয়া, হান্নান মণ্ডল, মাহবুবুর রহমান ও ছাবিনা ইয়াসমিন প্রমুখ।
স্বাস্থ্য সহকারীদের উত্থাপিত ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে উন্নত গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি।
৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তির হিসাব পুনঃনির্ধারিত স্কেলে অন্তর্ভুক্ত করা।
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারীদেরকে ডিপ্লোমাধারী হিসেবে স্বীকৃতি দিয়ে সরাসরি ১১তম গ্রেড প্রদান।
কর্মসূচিতে বক্তারা বলেন, বারবার আশ্বাস পেলেও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।