
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।
রোববার (২৬ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “সাংবাদিকদের উচিত সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যাতে সমাজে আস্থা ও সচেতনতা গড়ে ওঠে।” তিনি আরও বলেন, “উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেরোবিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করতে তাদের জন্য একটি নিজস্ব অফিস কক্ষ বরাদ্দ দিয়েছি। নিজস্ব কর্মক্ষেত্র সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সংগঠনিক ঐক্য বৃদ্ধিতে সহায়ক হবে।”
প্রফেসর শওকাত আলী আরও বলেন, “এক যুগ ধরে বেরোবিসাস বিশ্ববিদ্যালয়ের সাফল্য, গবেষণা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের অর্জন তুলে ধরে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী।”
সভায় সভাপতিত্ব করেন বেরোবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান তাবিউর রহমান প্রধান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নুর আলম সিদ্দিক এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান উমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও রংপুরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ক্যাফেটেরিয়ার সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল, ডায়েরি ও কলম দিয়ে বরণ করা হয়। এছাড়া ‘বর্ষসেরা অনুসন্ধানী রিপোর্ট’, ‘বর্ষসেরা ফিচার’, ‘বর্ষসেরা লাইভ ভিডিও’ এবং ‘বর্ষসেরা ভিডিও জার্নালিস্ট’ ক্যাটাগরিতে সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।