
কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংসনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আজ রোজ সোমবার এগারোসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেনের সাথে কন্টেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ২৫ জনে দুর্ঘটনাস্থল থেকে পাওয়া খবরে জানা গেছে৷
এদিকে রেলওয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় মালবাহী ট্রেন সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনাটি ঘটেছে।
সোমবার, ২৩ অক্টোবর দুপুর আড়াইটার দিকে ভৈরবে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলী ও একটি কন্টেইনারবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি কোচ যাত্রীসহ উল্টে যায়।
এ ঘটনায় ১০০জনের উপরে আহত হয় এবং এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বেশি।
এদিকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, কন্টেইনারবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনার সময় কন্টেইনারবাহী ট্রেনটির স্টেশনের আউটারে থাকার কথা ছিল। কিন্তু ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি তিনি। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা জানান, এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, দুর্ঘনা কবলিত ট্রেনগুলো উদ্ধার করতে ঢাকা থেকে দুটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে।