
স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে নেপালের পর ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। মঙ্গলবার ভুটানের বিপক্ষে ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। ওই ম্যাচে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে মেয়েরা।
একদিন পরেই সাফের ফাইনাল খেলতে নামবে মেয়েরা। কোচ সাইফুল বারী টিটু তাই দলের সেরা ফুটবলার সাগরিকাসহ মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন। বাংলাদেশের বেঞ্চের শক্তির কাছেই তাই উড়ে গেল আসরে তিন ম্যাচেই পরাজিত হওয়া ভুটান।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ১৮ মিনিটে প্রথম গোল পায়। নুসরাত জাহান মিতুর শট জড়িয়ে যায় জালে। ৩০ মিনিটে মিতুর দ্বিতীয় গোলটি করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় গোলটি করেন বয়সভিত্তিক দলের তৃষ্ণা রানী। ওই গোলে সহায়তা দেওয়া ঐশি দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। বাংলাদেশ আগামী বৃহস্পতিবার শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে।