
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে গারো পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার জলই গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছাগল অসাবধানতাবশত একটি পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধারের জন্য প্রথমে একজন ব্যক্তি গর্তে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আর ওপরে উঠতে না পারায় তাকে উদ্ধার করতে আরও কয়েকজন পর্যায়ক্রমে গর্তে নামেন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা সবাই অচেতন হয়ে পড়েন এবং গর্তের ভেতর আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে চারজনকে গর্ত থেকে উদ্ধার করেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫), গ্রাব্রিয়েল নকরেক (৪৫) ও বাবলু হাজং (৩৫)। তারা সবাই স্থানীয় গারো সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা টয়লেটের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিত্যক্ত সেপটিক ট্যাংক, কূপ ও টয়লেটের গর্তে নামার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।