
মনপুরা,(ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা — উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশের অংশ এখন পুরোপুরি পানির নিচে। গত কয়েক দিনের টানা বর্ষণে এলাকা রূপ নিয়েছে এক জলাবদ্ধ দ্বীপে। প্রায় কয়েক শত পরিবার এখানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন—চরম দুর্ভোগে ভুগছেন নারী, শিশু, বৃদ্ধ ও গবাদিপশু পালনকারীরা।
এলাকাবাসীর অভিযোগ, হাজিরহাট বাজার এবং উপজেলা পরিষদসহ মূল এলাকাগুলোর বৃষ্টির পানি ড্রেনের মাধ্যমে এসে জমা হয় এই অংশে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেখানে পানি নিষ্কাশনের কোনো নির্ধারিত বা প্রাকৃতিক পথ নেই। ফলে টানা বৃষ্টির কারণে দ্রুত পানি জমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তা দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়ে পড়ে।
ঘরবাড়ি, উঠোন, চলাচলের পথ এমনকি গোয়ালঘর—সবই ডুবে গেছে পানিতে। অনেক পরিবার রান্নাবান্না, ঘরোয়া কাজ এবং দৈনন্দিন জীবনযাপনে ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। সবচেয়ে বড় সংকটে পড়েছেন গরু-ছাগল পালন করা পরিবারগুলো—পানির মধ্যে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে গবাদিপশু, যা থেকে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অন্যদিকে, এতো বড় সমস্যার মাঝেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ বা সহায়তা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, তারা বারবার অভিযোগ করলেও সঠিক পরিকল্পনার অভাবে দীর্ঘদিন ধরেই একই সমস্যায় ভুগছেন তারা।
স্থানীয়দের জোর দাবি, দ্রুত ওই এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করতে হবে এবং পানি নিষ্কাশনের জন্য বিকল্প পথ নির্মাণ করতে হবে। সেইসঙ্গে জরুরি ভিত্তিতে ত্রাণ ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার অনুরোধ