
হাসান ভূঁইয়া
বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ফল প্রকাশ করেছে রিটার্নিং কর্মকর্তারা। তাদের দেয়া তথ্য অনুযায়ী, মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চমক দেখিয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। টানা তৃতীয়বারের মতো তিনি মাধবপুর উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন। উপজেলার ৯৩টি সেন্টারের প্রাপ্ত ফল অনুযায়ী ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৬২ হাজার ২৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট।
মাধবপুরে অতীতের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের ফল পর্যালোচনা করলে জানা যায়, ২০১৪ সালে সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৭২ হাজার ৯২৫ ভোট, জাকির হোসেন চৌধুরী অসীম ৩৬ হাজার ৪১৪ ভোট। সৈয়দ হাবিবউল্লাহ সুচন ৪ হাজার ৩৯ ভোট। ২০১৯ সালে সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৫৬ হাজার ৭৫০ ভোট, এহতেশামুল বার চৌধুরী লিপু ২৬ হাজার ৮৬৯ ভোট, আতিকুর রহমান আতিক ২৩ হাজার ৪৯১ভোট।
মাধবপুর একসময় আওয়ামীলীগের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু গত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গৃহবিবাদে বিভক্ত হয়ে পড়ে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের কমিটিসহ সহযোগী সংগঠনের কমিটি হচ্ছে না দীর্ঘদিন ধরে। গেল জাতীয় সংসদ নির্বাচনেও এর খেসারত দিতে হয়েছে দলটিকে। বিভক্তি থাকায় লাখো ভোটের ব্যবধানে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের কাছে হেরেছেন নৌকা প্রতীকের দলীয় প্রার্থী সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।