
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
মানবিক চিকিৎসা সেবা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন চিকিৎসক ও শিল্প উদ্যোক্তা ডাঃ এম. এ. সাত্তার। তাঁর সেবামূলক কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। অনেক ক্ষেত্রেই তিনি গরিব রোগীদের কাছ থেকে কোনো ধরনের চিকিৎসা ফি গ্রহণ করেন না। ফলে এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও পরোপকারী চিকিৎসক হিসেবে সুপরিচিত হয়ে উঠেছেন।
স্থানীয়রা জানান, শুধু চিকিৎসা সেবাই নয়, মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানোতেও তিনি সবসময় এগিয়ে আসেন। সমাজের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ফলে ধীরে ধীরে তিনি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এ বিষয়ে আলাপকালে ডাঃ এম. এ. সাত্তার বলেন, “এলাকার মানুষের ভালোবাসা ও আমার মা-বাবার অসীম দোয়ায় আজ আমি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। মানুষের বিপদ-আপদ ও দুর্দিনে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”
চিকিৎসা সেবার পাশাপাশি তিনি একজন সফল শিল্প উদ্যোক্তাও। তিনি ইউনিড্রাগ ইউনানী ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে দক্ষ, উচ্চশিক্ষিত ও মেধাবী তরুণ কর্মী-কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে ব্যাপক সুনাম অর্জন করেছে।
ডাঃ এম. এ. সাত্তার বলেন, “ঔষধ শিল্পের আধুনিকায়নের মাধ্যমে দেশ ও জাতির স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। মানসম্মত ওষুধ উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও ওষুধ রপ্তানি করা হচ্ছে, যা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে।”
মানবিকতা, সেবামূলক মনোভাব ও উদ্যোক্তা নেতৃত্বের মাধ্যমে ডাঃ এম. এ. সাত্তার ইতোমধ্যে এলাকাবাসীর কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।