শেরপুর সংবাদদাতা
শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ৫ মাসের শিশুকন্যাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়, এতে শিশুটি গুরুতর আহত হয়। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। এবিষয়ে শিশুর বাবা ময়ছর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত দুই নারী আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো: ময়ছর উদ্দীন শুক্রবার বিকেলে নিজ ভিটায় কলাগাছ রোপণ করতে যায়। এ সময় তার জেঠাত ভাইয়ের পুত্র লিটন, হামিদুর, হুনুফা বেগম, লাভলি খাতুন বাধা দেয়। এক পর্যায়ে ময়ছরকে তার মা ফিরিয়ে নিয়ে গেলেও ঝগড়া বাধে ময়ছরের স্ত্রী ফাতেমা বেগম ও তার কন্যাদের সাথে। ঝগড়ার এক পর্যায়ে হুনুফা বেগম ও লিটনের স্ত্রী লাভলি বেগম ফাতেমার কোল থেকে ৫ মাসের শিশুকন্যা আদিবাকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। এতে শিশু আদিবা গুরুতর আহত হয়। আহতাবস্থায় আদিবাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে, শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করে। শেরপুর হাসপাতালে নেওয়ার পথে উপজেলার তিনআনী বাজারে গেলে শিশু আদিবার মৃত্যু হয়। নিহত শিশু আদিবার পিতা ময়ছর উদ্দীন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত দুই আসামী হুনুফা বেগম ও লাভলি খাতুনকে গ্রেফতার করেছে। আদিবার লাশ ২সেপ্টেম্বর শনিবার সকালে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।
নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো: ফাহাদ রহমান জানান, আহত শিশুকে জুরুরি বিভাগে নিয়ে আসলে তার গলায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এব্যপারে নালিতাবাড়ী থানার ওসি তদন্ত আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন শিশুটির পিতা থানায় একটি হত্যা মামলা দিয়েছে। অভিযুক্ত দুই নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের তদন্ত সাপেক্ষে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
