ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে বাড়ি ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি বালুবাহী ট্রাক বড়তাকিয়া-আবুতোরাব সড়কের আবুতোরাব এলাকায় একটি ডোবায় উল্টে যায়।
শিক্ষার্থী বহনকারী ট্রাকটি উল্টে ৪২ জন স্কুল ছাত্র সহ ৪৫ জন নিহত হন।
১১ জুলাই দিনটি এলে মিরসরাইবাসীর চোখে মুখে এখনো ভেসে আসে সেই করুণ দিনটি। সারা জীবন এ দিনটিকে ভূলতে পারবেনা মিরসরাইবাসী।
মিরসরাই ট্র্যাজেডিতে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন, আবুতোরাব ফাজিল মাদরাসার ২ জন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২ জন শিক্ষার্থী নিহত হন। এছাড়া এক অভিভাবক ও ২ জন ফুটবলপ্রেমী যুবক সহ ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডি।
সবচেয়ে বেশী শিক্ষার্থী নিহত হওয়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ।
আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার জানান, মিরসরাই ট্র্যাজেডিতে নিহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে মঙ্গলবার সকাল ১১টায় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ এবং ‘অন্তিম’ এ পুষ্পস্তবক অর্পন, সাড়ে ১১টায় শোক সভা ও বাদ যোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলো এ দিনটিকে স্বরণ করে বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে।
