
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙ্গা বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের নামে মিথ্যা মামলা,হয়রানি,ইজারাদারের লোকজন কর্তৃক মোটর শ্রমিকদের মারধর,গাড়ি ভাঙঁচুর,ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে।এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিক, চালক-মালিক ও স্থানীয়রা।বৃহস্পতিবার হাঁটুভাঙ্গা বংশাই সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় বাসিন্দা,পরিবহন শ্রমিক, চালক ও মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খানসহ অনেকেই।বক্তারা অভিযোগ করেন,টোল ইজারাদারের লোকজন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ শ্রমিকদের হয়রানি ও নির্যাতন করছেন।নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়ের কারণে পরিবহন শ্রমিক ও মালিকদের ভোগান্তি বাড়ছে।এর প্রতিবাদ করলে শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।বক্তারা অভিযোগ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া,অতিরিক্ত টোল আদায় বন্ধ,ইজারাদার পরিবর্তন এবং শ্রমিক-মালিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।