
ধর্ম ডেক্স
মানুষ তার জীবনে সফল, প্রশান্তি ও বরকতময় করতে চায়। কিন্তু অনেক সময় আমরা বড় বড় পরিকল্পনার পেছনে ছুটতে গিয়ে ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমলকে অবহেলা করি, ভুলে যাই। অথচ এই ছোট ছোট আমলগুলোই বদলে দিতে পারে আমাদের জীবন। আর ইসলামের শিক্ষা হলো— নিয়মিত কিছু সহজ নেক আমল একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে, তার অন্তরে প্রশান্তি আনতে পারে এবং আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দিতে পারে।
বরকতময় জীবন কেবল সম্পদের প্রাচুর্যের নাম নয়; বরং সময়, কর্ম, পরিবার, ইবাদত ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কল্যাণ ও অনুগ্রহ লাভের নাম। আসুন, এমন পাঁচটি সহজ অভ্যাস সম্পর্কে জানি, যা একজন মুমিনের জীবনকে বরকতময়, সফল ও আলোকিত করতে পারে। তাহলো—
১. সময়মতো নামাজ আদায় করুন
নামাজ একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এটি বান্দা ও আল্লাহর মধ্যকার সরাসরি সম্পর্ক তৈরির মাধ্যম। যে ব্যক্তি সময়মতো নামাজ আদায় করে, তার জীবনে শৃঙ্খলা, প্রশান্তি ও আল্লাহর সাহায্য নেমে আসে। আল্লাহ তাআলা বলেন—
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা আন-নিসা: আয়াত ১০৩)
রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি?
তিনি বলেন—
الصَّلَاةُ عَلَى وَقْتِهَا
‘সময় মতো নামাজ আদায় করা।’ (বুখারি ৫২৭, মুসলিম ৮৫)
২. নিজের দৃষ্টি সংযত রাখুন
চোখ মানুষের হৃদয়ের দরজা। অবাধ দৃষ্টি অনেক গুনাহ, অশান্তি ও আত্মিক দুর্বলতার কারণ হতে পারে। তাই ইসলাম দৃষ্টি সংযত রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন—
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ
‘মুমিনদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র।’ (সুরা আন-নূর: আয়াত ৩০)
দৃষ্টি সংযম হৃদয়কে পবিত্র রাখে, চিন্তাকে পরিচ্ছন্ন করে এবং গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করে।
৩. সকাল-সন্ধ্যার জিকিরকে জীবনের অংশ বানান
সকাল ও সন্ধ্যার জিকির একজন মুমিনের জন্য আত্মিক সুরক্ষাবর্মের মতো। এটি মানুষকে আল্লাহর স্মরণে রাখে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন—
وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ
‘তুমি সকাল-সন্ধ্যায় বিনয় ও ভয়ের সঙ্গে তোমার রবকে স্মরণ কর।’ (সুরা আল-আ’রাফ: আয়াত ২০৫)
রাসুলুল্লাহ (সা.) নিয়মিত সকাল-সন্ধ্যার জিকির পাঠ করতেন এবং সাহাবিদেরও তা শিক্ষা দিতেন। এই আমল অন্তরে প্রশান্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করে।
৪. নিজের জিহ্বা ও কথাবার্তা নিয়ন্ত্রণ করুন
অনেক মানুষ নামাজ-রোজা করে, কিন্তু জিহ্বার কারণে গুনাহে জড়িয়ে পড়ে। তাই ইসলাম কথাবার্তায় সংযমকে ইমানের অন্যতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেন—
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
‘যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’ (বুখারি ৬০১৮, মুসলিম ৪৭)
সংযত ভাষা মানুষের সম্মান বৃদ্ধি করে, সম্পর্ক সুন্দর করে এবং অগণিত গুনাহ থেকে রক্ষা করে।
৫. প্রতিদিন অন্তত ১০ মিনিট কুরআন তিলাওয়াত করুন
কুরআন হলো মুমিনের হৃদয়ের খাদ্য, জীবনের আলো এবং হেদায়াতের উৎস। প্রতিদিন অল্প সময় হলেও কুরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা একজন মুমিনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কাজ। আল্লাহ তাআলা বলেন—
إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ
‘নিশ্চয় এই কুরআন সেই পথের দিকনির্দেশনা দেয়, যা সর্বাধিক সরল ও সঠিক।’ (সুরা আল-ইসরা: আয়াত ৯)
রাসুলুল্লাহ (সা.) বলেন—
مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا
‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, তার জন্য একটি নেকি লেখা হবে, আর প্রতিটি নেকি দশগুণ বৃদ্ধি করা হবে।’ (তিরমিজি ২৯১০)
প্রতিদিন মাত্র ১০ মিনিট কুরআন তিলাওয়াতও হৃদয়কে জীবন্ত রাখে এবং জীবনে আল্লাহর বরকত বৃদ্ধি করে।
বরকতময় জীবন গড়ে তোলার জন্য সবসময় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। অনেক সময় ছোট ছোট ধারাবাহিক আমলই মানুষের জীবনকে বদলে দেয়। সময়মতো নামাজ, দৃষ্টি সংযম, সকাল-সন্ধ্যার জিকির, জিহ্বার হেফাজত এবং নিয়মিত কুরআন তিলাওয়াত— এই পাঁচটি অভ্যাস একজন মুমিনকে আল্লাহর আরও কাছাকাছি করে দেয়, তার অন্তরে প্রশান্তি এনে দেয় এবং জীবনে প্রকৃত সফলতার পথ সুগম করে।
আসুন, আজ থেকেই আমরা এই পাঁচটি আমলকে জীবনের অংশ বানানোর চেষ্টা করি। কারণ যে জীবন আল্লাহর স্মরণে সিক্ত, সেই জীবনই প্রকৃত অর্থে বরকতময়, শান্তিময় ও সফল।