
লোহাগড়া নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লোহাগড়ার আয়োজনে আলোচনা সভা ও কৃষি প্রদর্শনীর মাধ্যমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মুনমুন সাহা।
প্রধান অতিথি হিসেবে নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশগ্রহণ করায় তাঁর পক্ষে শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, পার্টনার প্রোগ্রামের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, জামায়াতে ইসলামী বাংলাদেশের নড়াইল জেলা সূরা সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা কর্মপরিষদের সভাপতি মো. ইলিয়াস হোসেন, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর এবং শালনগর কৃষক কেন্দ্রের সভাপতি মহসিনা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাদমান হোসেন। কংগ্রেস শেষে কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।