
প্রতিনিধি, নড়াইল
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় ‘বডি চেঞ্জ’—অর্থাৎ ভিন্ন ব্যক্তি দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে।
গত (১১ জুলাই ২০২৫) শুক্রবার, ওই কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় আহাদুজ্জামান নামসহ ৩ টি রোল নাম্বারের পরীক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। আরো জানা যায় ঐদিন এক পরীক্ষার্থীর স্থলে অন্য একজন এসে তার পরীক্ষা দিচ্ছিলেন। যার রোল নাম্বার (২৪০১১৪৫০২২, ২৪০১১৪৫০২৩, ২৪০১১৪৫০২৪)।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি রায় বিষয়টি পরীক্ষার প্রায় ৩০ মিনিট পর লক্ষ করেন। তিনি জানান, প্রকৃত পরীক্ষার্থী উপস্থিত ছিলেন না। তবে ঘটনার সময় পরীক্ষা চলছিল বিধায় সন্দেহভাজন ব্যক্তিকে বের করে দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি।
পরবর্তীতে ঘটনাটি কেন্দ্রীয়ভাবে জানাজানি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।
প্রায় পাঁচ দিন পর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রিয়াদ বিষয়টি অবহিত হন। তিনি বলেন, “আমি আলী আকবর নামে একজন প্রতিনিধি নিয়োগ করেছিলাম বিষয়টি যাচাইয়ের জন্য। তবে তিনি ঘটনাটি কিছুদিন পর আমাকে জানান। এখন গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।”
কলেজের অধ্যক্ষ মোঃ রেহবার দারাজ জানান, “সেদিন আমি কলেজে কিছুটা দেরিতে এসেছি। পরে শুনেছি, পরীক্ষা দিতে যিনি এসেছিলেন, তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।” এবং সেই ব্যক্তি দ্রুত পরীক্ষার হল ত্যাগ করে।
পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত একাধিক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা আংশিক স্বীকার করলেও প্রয়োজনীয় তথ্য দিতে কিছুটা সময় নিচ্ছেন বলে জানা গেছে।
তবে বাউবি পরীক্ষা কমিটির আহ্বায়ক মোঃ খায়রুজ্জামান এবং নড়াইল জেলা বাউবির উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান দুজনেই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। এ বিষয়ে মোবাইল ফোনে সাংবাদিকদের (বাউবি) উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, “সকল কাগজপত্র কেন্দ্রে জমা রয়েছে। চাইলে এসে দেখে যেতে পারেন।”