
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌর শহরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা ক্লাব ও পাশের একটি অটো রাইস মিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপাশা ক্লাব থেকে ৫টি সিলিং ফ্যান, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে। একইসঙ্গে পাশের একটি অটো রাইস মিল থেকে মোটর, বৈদ্যুতিক তার এবং অন্যান্য সরঞ্জাম ও দোকানের কিছু পণ্য নিয়ে যায় চোরেরা।
লক্ষ্মীপাশা ক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর অভিযোগ করে বলেন, “লোহাগড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। প্রতিনিয়ত চুরি হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ঐতিহ্যবাহী এই ক্লাবে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোর চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসা মোল্লা বলেন, “শত বছরের পুরোনো লক্ষ্মীপাশা ক্লাবে এই প্রথম চুরি হলো। প্রশাসনিক নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই চুরি হচ্ছে, যা খুবই উদ্বেগজনক।”
ভুক্তভোগী অটো রাইস মিল ব্যবসায়ী বিবেকানন্দ বিশ্বাস বলেন, “আমি একটি ছোট অটো রাইস মিল দিয়ে কোনোমতে সংসার চালাই। চুরির ঘটনায় আমি দিশেহারা হয়ে পড়েছি। প্রশাসনের কাছে আমার আবেদন, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, “চুরির বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”