
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেছেন, শত শত ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা এ দেশে আসবে না।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
এম এ মজিদ বলেন, যাদের মৃত্যু হয়েছে বাংলাদেশের মাটিতে, আর দাফন হয়েছে ভারতের মাটিতে। সেই শেখ হাসিনাকে নিয়ে ভার্চুয়াল মিটিং করেছে কালীগঞ্জের আওয়ামী লীগরা। এটা একটা ফেইক নিউজ ছিল। আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, বেশি সুড়সুড়ি দেওয়ার চেষ্টা কইরেন না। গত সংসদ নির্বাচনে গোপনে দাঁড়িপাল্লার সঙ্গে লিয়াঁজো করে ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। শেখ হাসিনা দিল্লি থাকবে কিন্তু নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না।
এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।