
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইশিখন.কম-এর যৌথ উদ্যোগে একটি ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশিখন.কম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমডি ইব্রাহিম আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশিখন.কম-এর ডিজিটাল মার্কেটিং হেড মো. শিহাব শাহরিয়া, সিনিয়র গ্রাফিক্স ডিজাইন এক্সিকিউটিভ শফিকুল ইসলাম সোহাগ, বিজয় ফাউন্ডেশনের সিইও ডা. ফেরদাউস কাইসেন এবং নেক্সটআর-এর সিইও ফাতিন ইশরাক রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নুরুল আমিন এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা ড. মো. মনির হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের।
সেমিনারে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ইশিখনের বিজনেস ডেভেলপার এক্সিকিউটিভ ফজলে আনোয়ার নাঈম এবং সিনিয়র অপারেটিং অফিসার রাহি সানজিদ নাঈমও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিশাদ মাহমুদ ফরহাদ।
সভাপতির বক্তব্যে নিশাদ মাহমুদ ফরহাদ বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে সহায়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন আরও কার্যকর ও সময়োপযোগী আয়োজন অব্যাহত থাকবে।”
সেমিনারটি সঞ্চালনা করেন ফারজানা ইয়াসমিন রিমি ও অন্তর দাস।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা অর্জন, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং করপোরেট ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কর্মজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনার শেষে আয়োজকরা শিক্ষার্থীদের এমন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।