মোঃ সাহান আলী
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে এক তরুণীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কৃত ওই যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। সে নান্দুড়া আপইলপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার তরুণীর বাবা-মা তাঁর নানাবাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন তিনি। দুপুরে জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢুকে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী অচেতন হয়ে পড়লে তাঁকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ির বারান্দায় থাকা বেশ কিছু কাপড়-চোপড় ওই তরুণীর শরীরে পেচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান সাইফুল। এসময় তরুণীর জ্ঞান ফিরলে সে পাশের বাড়িতে দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবার আরও জানায়, আগুনে ওই তরুণীর হাত-পা সহ শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। আজ শনিবার ওই তরুণীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। শনিবার (৯ সেপ্টেম্বর) গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, এ ঘটনায় রাতেই থানায় মামলা নেওয়া হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
