শুটিংয়ের মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শারমিন আঁখি। গতকাল রাজধানীর মিরপুরে একটি নাটকের শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আঁখির অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে মিরপুরের একটি শুটিং বাড়িতে চলছিল আশফাকুল আলমের ‘অমীমাংসিত প্রেম’ নাটকের শুটিং। একটি দৃশ্যের শুটিং শেষ হতেই পুরো ইউনিট জোরে শব্দ শুনতে পায়। অনুভূত হয় কম্পনও। মেকআপ রুমে গিয়ে দেখা যায় ঘরের দরজা, জানালা ভেঙে গেছে। পরিচালক বলেন, ‘হঠাৎ শব্দ শুনে আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। পরে বুঝতে পারি কিছু একটা ঘটেছে। নাটকের পরের দৃশ্যের জন্য মেকআপ রুমে তৈরি হচ্ছিল শারমিন আঁখি। সে একাই রুমে ছিল। গিয়ে দেখি তাঁর অবস্থা খারাপ—হাত, পায়ের চামড়া পুড়ে গেছে। তখনই আমরা মিরপুর একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি।’