
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা মিলে ৩ আগষ্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে এসব অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার (১৬ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন।