
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে পারভীন (৪৬)নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার সকালে সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণ পাশে নিজ বাড়ির নিকটবর্তী একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়,গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে কর্মরত ছেলে ফাহাদের সঙ্গে পারভীনের সর্বশেষ মোবাইলে কথা হয়।এরপর মঙ্গলবার সকাল থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করলেও তিনি আর সাড়া দেননি।ফাহাদ সখিপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ বাড়ি ফিরে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।পরে পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)হেলাল উদ্দিন জানান,মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।