
বিকাশ বিশ্বাস
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয় পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ। ভোটের মাঠে কোন প্রার্থী এগিয়ে আর কোন প্রার্থী পিছিয়ে এ নিয়ে ভোটার ও কর্মি সমর্থকদের মাঝে চলছে চুলচেড়া বিশ্লেষণ।
উপজেলা ঘুরে দেখা যায় নির্বাচন দিন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ, পোস্টার, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গ্রাম গঞ্জের হাট-বাজার, চা বাগানের অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে নিয়মিত । আবার গানে গানে ভোট চাচ্ছেন,তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান।
ছোট-বড় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রভাবশালী রাজনৈতিক নেতার সমর্থনের ওপর নির্ভর করে নানামুখী সমীকরণ আলোচনায় আসছে। প্রার্থীদের মধ্যে কার পাল্লা ভারি তাও নির্ভর করছে এই সমীকরণের ওপর। শেষ পর্যন্ত ফলাফল কি হয় তা দেখার জন্য উপজেলাবাসীর চোখ এখন নির্বাচনের দিনের দিকে।
শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় কাপ পিরিচ প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া মোটর সাইকেল এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।